ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসছে লেবানন, বৈঠকে থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১০:১৯ এএম

চলমান যুদ্ধের মাঝেই ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে লেবানন। লেবানন-ইসরায়েল বৈঠকে অংশ নেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মঙ্গলবার ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে মার্কো রুবিওর অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছে আমেরিকার পররাষ্ট্র দপ্তর।

ইসরায়েলের ইয়েশিয়েল লাইটার এবং লেবাননের নাদা হামাদেহ মাওয়াদ আমেরিকার সময় বেলা সাড়ে ১১টায় স্টেট ডিপার্টমেন্টে রুবিওকে সঙ্গে নিয়ে আলোচনায় বসবেন।

এই বৈঠকের লক্ষ্য দক্ষিণ লেবাননে চলমান সংঘাতের অবসান ঘটানো, যেখানে ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর অবস্থানকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আর এই হামলার ফলে লাখ লাখ মানুষ ঘরছাড়া হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত ও ছয় হাজার পাঁচশোর বেশি মানুষ আহত হয়েছেন।

গতকাল সোমবার হেজবুল্লাহ নেতা নাঈম কাশেম লেবাননকে ইসরায়েলের সঙ্গে নির্ধারিত বৈঠকটি বাতিল করার আহ্বান জানান।

ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার পথে যাওয়ার বিষয়টিকে প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটি।

এদিকে, আজ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় রুবিও মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতির সঙ্গেও বৈঠক করবেন।

ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক সন্ত্রাসের’ অভিযোগ জেডি ভ্যান্সের

 

হরমুজ প্রণালি দিয়ে চলাচল বন্ধ করার কারণে ইরানকে ‘অর্থনীতিনির্ভর সন্ত্রাসী কর্মকাণ্ডে’ অভিযুক্ত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ফক্স নিউজের ব্রেট বায়ারকে তিনি বলেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখিয়েছেন যে এই খেলায় দুই পক্ষই অংশ নিতে পারে। হরমুজ প্রণালির ব্যবহার প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন।

ভ্যান্সের বক্তব্য, ইরান যদি ‘‘অর্থনৈতিক সন্ত্রাসবাদে’’ জড়ায়, তাহলে আমেরিকাও এই নীতিতে অটল থাকবে যে ‘‘কোনো ইরানি জাহাজ বের হতে পারবে না।’’

ভ্যান্স আরও জানান, গত সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে হওয়া যুক্তরাষ্ট্রের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি বলেন, ‘এখন সিদ্ধান্ত নেওয়ার পালা ইরানের।’

তিনি আরও বলেন, ইরানকে নমনীয় হতে হবে এবং আমেরিকা যে ‘গুরুত্বপূর্ণ বিষয়গুলো’ চায়, তা মানতে হবে।

আমেরিকার চাওয়াগুলোর মধ্যে রয়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ওপর মার্কিন নিয়ন্ত্রণ। সেইসঙ্গে, এমন একটি যাচাই ব্যবস্থা চালু করা, যা নিশ্চিত করবে যে ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

হরমুজ প্রণালি ইস্যুতে তেলের দামে পতন

আমেরিকা ও ইরানের মধ্যে ফের আলোচনা হতে পারে, এমন একটি আলাপ শোনা যাচ্ছে। সেক্ষেত্রে যুদ্ধ আরও বিস্তৃত হবে না বলে ধারণা করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে এশিয়ার বাজারে তেলের দাম কিছুটা কমেছে।

বিশ্ববাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম দুই দশমিক দুই শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক শূন্য দুই ডলারে নেমেছে।

আমেরিকার তেলের দামও একই হারে কমে প্রায় ৯৬ দশমিক ৯০ ডলারে এসেছে।

সোমবার ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘‘অন্য পক্ষ’’ থেকে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তিনি আরও জানান, ইরান ‘খুব মরিয়া হয়ে’ একটি চুক্তি করতে চায়।

গত সপ্তাহে ইসলামাবাদের আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানি তেল রপ্তানি বন্ধের নির্দেশ দিলে সোমবার তেলের দাম ১০০ ডলারের ওপরে উঠে গিয়েছিল।

এদিকে, এশিয়ার শেয়ারবাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে।

জাপানের নিক্কেই ২২৫ সূচক দুই দশমিক চার শতাংশ বেড়েছে, আর দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক তিন শতাংশের বেশি বেড়েছে।

পাঁচ বছরের জন্য পারমাণবিক কার্যক্রম স্থগিতের প্রস্তাব ইরানের: প্রতিবেদন

এদিকে, আগামী পাঁচ বছর পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের প্রস্তাব দিয়েছিল ইরান। তবে আমেরিকা ২০ বছরের সময়সীমার ওপর জোর দিয়ে সেই প্রস্তাব নাকচ করেছে।

সিনিয়র ইরানি ও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় তেহরানের পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখা নিয়ে দুই দেশ নিজেদের প্রস্তাব আদান-প্রদান করেছে। তবে সমঝোতায় পৌঁছাতে এখনো তাদের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়ে গেছে।

তবুও এসব আলোচনা ইঙ্গিত দিচ্ছে যে দুই দেশের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। সামনে তাদের একটি দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানতে বিবিসি হোয়াইট হাউজের সঙ্গে যোগাযোগ করেছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি এই সংঘাতের অন্যতম প্রধান জটিল বিষয় হিসেবেই রয়ে গেছে।

গত রোববার ডোনাল্ড ট্রাম্প পুনরায় বলেছেন যে, আমেরিকা নিশ্চিত করবে যে ইরান যাতে কোনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।

যুদ্ধে ক্লান্ত হলেও ইরানে যুদ্ধবিরতির বিপক্ষে ইসরায়েলিরা

জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের নতুন এক জরিপে দেখা গেছে, ইসরায়েলিরা চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে।

তবে জরিপে একইসঙ্গে এও উঠে এসেছে যে দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান সম্ভাব্য যুদ্ধবিরতির বিরোধিতা করছে।

জরিপকারীরা জানিয়েছেন, গত ৯ ও ১০ এপ্রিল তারা এক হাজার ৩১২ জন ইসরায়েলির সঙ্গে কথা বলেছেন। এর মাঝে এক হাজার ৮৪ জন ইহুদি ও ২২৮ জন আরব।

জরিপে অংশ নেওয়া অধিকাংশ মানুষ মনে করেন, আমেরিকা ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরান বা লেবাননের হেজবুল্লাহ, কোনোটিই এখনও গুরুতরভাবে দুর্বল হয়নি।

প্রায় ৩৯ দশমিক পাঁচ শতাংশ উত্তরদাতা মনে করেন যে তেহরানের ওপর হামলা অব্যাহত রাখা উচিত, আর ৪১ দশমিক চার শতাংশ মনে করেন যে যুদ্ধবিরতি মেনে চলা উচিত।

নিজেদের বর্তমান অনুভূতি সম্পর্কে জানতে চাইলে এক-তৃতীয়াংশ উত্তরদাতা ‘হতাশা’ শব্দটি বেছে নিয়েছেন। এর পরেই রয়েছে ‘বিভ্রান্তি’ ও ‘রাগ’। ‘আশা’ ছিল চতুর্থ স্থানে।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইসরায়েলের অন্তত ২৩ জন কর্মরত সেনা ও সামরিক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত ১৬ বছরের মধ্যে এক বছরে আত্মহত্যার এটাই সর্বোচ্চ সংখ্যা।
মার্কিন নৌ অবরোধ ভাঙতে বেশ কয়েকটি তেলবাহী জাহাজের বহর পাঠানোর পরিকল্পনা করছে ইরান। এর আগে, অবরোধ মোকাবিলায় সামরিক শক্তি ব্যবহারের অধিকার রয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধি ও মার্কিন শেয়ারবাজারে দরপতনের জন্য বিরোধী দল ডেমোক্রেটিক পার্টিকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান পরিস্থিতের সঙ্গে ৩ নভেম্বরের মধ্যবর্তী...
কানাডার সঙ্গে সামরিক সহযোগিতায় নতুন বিধিনিষেধ আরোপ করেছে আমেরিকার প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর–পেন্টাগন। এ বিষয়ে গত সপ্তাহে গোপন স্মারক জারি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। 
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর