যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ রাখার সঙ্গে সঙ্গে এ পথে কোনো জ্বালানি তেল পরিবহন করতে দেওয়া হবে না বলে জানিয়েছে তারা। আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) বিবৃতিতে বলা হয়েছে, “এটা স্পষ্ট যে, এই অঞ্চলে আমেরিকার অশুভ কর্মকাণ্ড যতদিন অব্যাহত থাকবে, ততদিন হরমুজ প্রণালি বন্ধ থাকবে এবং এই অঞ্চল থেকে এক ফোঁটা তেল, গ্যাস কিংবা এক প্যাকেট রাসায়নিক সারও রপ্তানি করা হবে না।”
আইআরজিসি জানিয়েছে,হরমুজ প্রণালির ‘অনিরাপদ দক্ষিণাঞ্চলীয় পথ’ দিয়ে যাওয়ার চেষ্টার সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে এবং সেগুলোতে ‘ব্যাপক অগ্নিকাণ্ড’ ছড়িয়ে পড়ে। উদ্ধারকারী দলগুলো জাহাজগুলোর নাবিক ও কর্মীদের নিরাপদে সরিয়ে নিচ্ছে।
সংস্থাটি জাহাজ পরিচালনাকারী কোম্পানিগুলোকে আবারও সতর্ক করে বলেছে, যেন তারা তাদের কর্মীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে, ‘মার্কিন সামরিক বাহিনীর দেওয়া মিথ্যা তথ্য’ বিশ্বাস না করে এবং বিপজ্জনক হিসেবে চিহ্নিত পথগুলো এড়িয়ে চলে।
এদিকে ইরানের বিরুদ্ধে আরও এক দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডে (সেন্টকম) বলেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ইরানের ক্রমাগত হামলার সক্ষমতা কমিয়ে আনার অভিযানের অংশ হিসেবেই তারা ইরানের বিরুদ্ধে আরও এক দফা হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ এই হামলায় যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের সামরিক কমান্ড সেন্টার, সামুদ্রিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করেছে।



