ইউক্রেনের তিনটি স্থাপনায় হামলার প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে সেই অভিযান বাতিল করেছে ইরান। ইউক্রেন ক্ষমা চাওয়ার পর হামলার পরিকল্পনা থেকে সরে আসে তেহরান। রয়টার্স জানিয়েছে এ খবর।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ওই দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। তার বক্তব্য এমন সময়ে সামনে এল, যখন ইরান-ইউক্রেনের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
২৫ জুলাই ইউক্রেনের বিরুদ্ধে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ তোলে তেহরান। ইরানের দাবি, ক্যাস্পিয়ান সাগরে ওই হামলায় জাহাজটির ১ ক্রু নিহত হন।
এদিকে, ইরানের এই সামরিক উপদেষ্টা সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে ইরানের নির্ধারিত নৌপথের বাইরে কোনো জাহাজ চলাচল করতে দেয়া হবে না। শত্রুপক্ষের যুদ্ধজাহাজ অবৈধ পথে চলাচলের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।



