পাস্তা নিশ্চয় কম-বেশি অনেকরই পছন্দ। কিন্তু এই পাস্তা দিয়ে সালাদ খেয়েছেন কখনও। বাড়িতে এবার নিজেই বানাতে পারেন পাস্তা দিয়ে মজার সালাদ। ভিন্ন স্বাদের খাবারটির রেসিপি দিয়েছেন শবনম রহমান।
যা যা লাগবে: পাস্তা ১০০ গ্রাম, জুকিনি ১টা, আপেল ১টা, কাসুন্দি ২ টেবিল চামচ, মেয়োনিজ ১ টেবিল চামচ, দই ১ টেবিল চামচ (পানি ঝরানোর পর), কাঁচামরিচ বাটা ১/২ টেবিল চামচ, চিলি ফ্লেক্স সামান্য, অলিভ অয়েল পরিমাণমতো, লবণ স্বাদমতো, চিনি সামান্য, কাজু, কিশমিশ, পেস্তা, আমন্ড, ড্রাই কিশমিশ অল্প।
যেভাবে তৈরি করবেন: প্রথমে পাস্তা সেদ্ধ করে নিতে হবে। পানি ফেলে দিয়ে পাস্তা আলাদা পাত্রে রাখুন। সস বানানোর জন্য একটি পাত্রে কাসুন্দি, কাঁচামরিচ বাটা, মেয়োনিজ, চিলি ফ্লেক্স, দই, অলিভ অয়েল, পরিমাণমতো লবণ ও চিনি মিশিয়ে নিন। আপেল ও জুকিনি ছোট ছোট টুকরোয় কেটে নিন। এবার সবকিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। একটা বাটিতে মিশ্রণটি নিয়ে উপরে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।



