ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় নানি ও নাতির মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৪টায় মুন্সিগঞ্জের গজারিয়া অংশের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী জোহরা বেগম (৫৬) ও তাঁর সাত মাস বয়সী নাতি আব্দুল্লাহ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, জোহরা বেগম তাঁর মেয়ে সুফিয়া আক্তার ও তার শিশুপুত্র আব্দুল্লাহকে ডাক্তার দেখানোর জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় তারা বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হতে গেলে কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া এয়ারকন সার্ভিসের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলেই ঘটনাস্থলেই নানি ও নাতির মৃত্যু হয়।
তবে মেয়ে সুফিয়া আক্তার তাদের থেকে কিছুটা দূরে থাকায় বেঁচে যান। তাদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পর্যবেক্ষণ শেষে মৃত ঘোষণা করেন।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, 'মরদেহ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারি পালিয়ে গেছে।'



