নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে রাজশাহী-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মাদ আলী কামালকে শোকজ করা হয়েছে।
সোমবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বিকাশ কুমার বসাক স্বাক্ষরিত শোকজ নোটিশ ওই দুই প্রার্থীর কাছে পাঠানো হয়। একই সঙ্গে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।
নোটিশে জানানো হয়, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনিত প্রার্থী ফজলে হোসেন বাদশা ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মাদ আলী কামালের পক্ষে দলীয় নেতাকর্মীরা গত ৩ ডিসেম্বর নগরীর ২৬নং ওয়ার্ড ও সাহেব বাজার এলাকায় মিছিল ও সমাবেশ করেন। সমাবেশের ফলে জনগণের চলাচলের চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হয় বলে উল্লেখ করা হয় ।
দুই প্রার্থীর মিছিল ও সমাবেশের মাধ্যমে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’-এর ৬ (ঘ) ও ১২নং বিধি লঙ্ঘিত হয়েছে।
এমতাবস্থায় বিধি লঙ্ঘনের দায়ে তাঁদের বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না এই মর্মে আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে স্ব-শরীরে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।



