টলিউড অভিষেকের অপেক্ষায় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। তরুণ নির্মাতা রাশেদ রাহা পরিচালিত ‘ফ্ল্যাশব্যাক’ ছবির মাধ্যমেই ‘প্রসেনজিৎ-দেবের ইন্ডাস্ট্রি’তে পা রাখছেন তিনি। এতে নায়িকার সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন অভিনেতা সৌরভ দাস। এবার প্রকাশ্যে এলো তাঁদের ঝলক।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার। ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের সেই ভিডিওতে সৌরভ-বুবলী ছাড়াও দেখা গেছে অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও রজতাভ দত্তকে। টিজারের শুরুতেই দেখা মেলে কৌশিক গাঙ্গুলির, অরণ্যঘেরা পাহাড়ি এক পথ ধরে হেঁটে যাচ্ছেন তিনি। মাথায় কালো রঙের কাউবয় টুপি, গায়ে জাড়ানো ওভারকোট। হাতে একটি ঝুলানো ব্যাগ।
অন্যদিকে, বুবলী ধরা দিয়েছেন কখনও প্রাণবন্ত, আবার কখনও বিষাদগ্রস্ত এক মেজাজে। মারকুটে স্বভাবে সৌরভ। তবে বুবলীর ছায়াসঙ্গীও তিনি। তাঁদেরকে দেখা যায়—বনের ভেতর দিয়ে দৌড়ে পালাতে, পেছনে কেউ তাড়া করছে! আর রজতাভ যেন কিছুটা চিন্তিত। টিজারটির আবহ সংগীতেও মিশে আছে ভয় আর শিহরণ জাগা রহস্য।
টিজারের মন্তব্যঘরে দর্শকদের একজন লিখেছেন, ‘দারুণ হয়েছে। আশা করা যাচ্ছে আলোড়ন সৃষ্টি করবে।’
প্রসঙ্গত, সিনেমাটির কাহিনি আবর্তিত হয়েছে জীবনের অঙ্কপথে ভিন্ন তিনটি চরিত্রের একে অন্যের সঙ্গে সাক্ষাৎ হওয়াকে কেন্দ্র করে। এতে বুবলী, কৌশিক ও সৌরভের চরিত্রের নাম যথাক্রমে অঞ্জন, ডিকে ও শ্বেতা। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।
সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানায় এই ছবির প্রযোজনায় রয়েছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন। চলতি বছরই এটি পশ্চিমবঙ্গে মুক্তির কথা রয়েছে।



সামনে এলো বুবলীর কলকাতা লুক
