চলছে রমজান মাস। এই মাসে সকল ধর্মপ্রাণ মুসলমানরা সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন। রোজা স্বাস্থ্যের জন্যও উপকারী। রোজা রাখলে রক্তে শর্করার মাত্রা, রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
রোজায় দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। এতে মুখে লালা নিঃসরণ কম হয়। লালা বা স্যালাইভারের কাজ হলো দাঁতকে পরিষ্কার রাখা, ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করা, কথা বলতে সহায়তা করা।
স্যালাইভা নিঃসরণ কম হলে দাঁতের ক্ষয়, মাড়ির রোগ হতে পারে। লালাস্বল্পতার কারণে মুখে কিছু সমস্যা তৈরি হতে পারে। এর মধ্যে অন্যতম হলো মুখের শুষ্কতা।
মুখগহ্বর শুকনো থাকার কারণে মুখে বাজে গন্ধ হতে পারে। এ ছাড়া দীর্ঘ সময় অভুক্ত থাকায় জিহ্বার ওপর সালফারের প্রলেপ পড়ে। এ কারণেও মুখে বাজে গন্ধ হয়। আবার দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণা পচে দুর্গন্ধ সৃষ্টি করে।
কয়েকটি নিয়ম মানলেই রোজায় মুখের দুর্গন্ধ এড়ানো যেতে পারে। জেনে নিন করণীয়-
১. রোজায় মুখে দুর্গন্ধ দূর করার জন্য হাইড্রেশন খুবই গুরুত্বপূর্ণ। এজন্য সাহরি-ইফতারের সময় প্রচুর পরিমাণে পানি পান করুন। ইফতার থেকে সাহরি পর্যন্ত আট থেকে দশ গ্লাস পানি পান করুন। মৌসুমি ফলের জুস, লেবুর শরবত, ডাবের পানি ও ভিটামিন সি জাতীয় ফল খেতে চেষ্টা করুন।
২. ইফতারের সময় নোনতা, ভাজা, মিষ্টি ও আঠালো খাবার এড়িয়ে চলুন। চিনির পরিমাণ বেশি আছে এমন খাবার বা পানীয় এড়িয়ে চলুন। এসব খাবার বা পানীয় ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে উদ্দীপিত করতে পারে, যার ফলে নিঃশ্বাসে দুর্গন্ধ হয়।
৩. রোজায় পেঁয়াজ-রসুন কিছুটা কম খাওয়া যেতে পারে। এতে মুখের দুর্গন্ধ কম হবে। পেঁয়াজ-রসুনের কারণে মুখে বাড়তি দুর্গন্ধ হয়। এগুলো খাওয়ার পরপরই দাঁত ব্রাশ করে নিন।
৪. রোজার দিন কফি, চা, সোডা এবং অন্যান্য ক্যাফিনযুক্ত পানীয় পান করা কমিয়ে দিন।
৫. রোজা রাখা অবস্থায় পানি দিয়ে কুলি করতে পারেন। ইফতারের পর লালাগ্রন্থিগুলো সক্রিয় হয় এবং লালা উৎপাদন স্বাভাবিক হয়ে যায়।
৬. সাহরি ও ইফতারের পর জিহ্বা পরিষ্কার করুন।
৭. সাহরি ও ইফতারের পর প্রতিদিন দু'বার ভালো করে ব্রাশ ও ফ্লস করুন।
৮. ঘুমানোর আগে গোলাপ জল ব্যবহার করে কুলকুচি করুন।
৯. রোজায় ধূমপান পরিহার করুন এবং তামাক ও জর্দা খাওয়া থেকে বিরত থাকুন।
রমজান মাসে মুখের দুর্গন্ধ নিয়ন্ত্রণে রাখতে এসব পদ্ধতি অনুসরণ করার পাশাপাশি বছরের বাকি সময়ের মতো সঠিকভাবে মুখের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। মুখের দুর্গন্ধ দূর করার জন্য ইফতারের পর হালকা গরম পানিতে এক চামচ দারুচিনির গুঁড়া মিশিয়ে গড়গড়া করতে পারেন। অথবা মুখে কিছুক্ষণ এলাচ রেখে দিতে পারেন। এ ছাড়া ইফতারের পর ২-৩টি পুদিনা পাতা নিয়ে চিবাতে পারেন। পাশাপাশি পান করতে পারেন পুদিনা পাতার শরবত। তবে, মুখ বেশি শুষ্ক মনে হলে দন্ত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
লেখক: ডেন্টাল সার্জন, সিকদার ডেন্টাল কেয়ার, মিরপুর, ঢাকা
আরও পড়ুন:



