গাজীপুরের কালিয়াকৈর এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ৩ জন মারা গেল।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ হয়ে চিকিৎসাধীন শিশু তায়েবা (৩) আজ শনিবার সন্ধ্যায় মারা যায়। এ ঘটনায় শুক্রবার মারা যান সোলাইমান মোল্লা এবং আজ শনিবার সকালে মারা যান মনসুর আলী আকন্দ।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. তরিকুল ইসলাম জানান, ৮০ শতাংশ দগ্ধ নিয়ে আজ সন্ধ্যার দিকে তায়েবা নামে তিন বছরের এক শিশু হাসপাতালের এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দগ্ধ অন্যদের অবস্থাও আশঙ্কাজনক।
গত বুধবার গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে ৩৬ জন দগ্ধ হন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে বৃহস্পতিবার জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন।



