গাজীপুরের কালিয়াকৈর স্টপ স্টার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে ইয়াসিন আরাফাত (২১) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ জনে।
জানা যায়, ইয়াসিন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টালির চালা গ্রামের স্থায়ী বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, গাজীপুর থেকে ইয়াসিন ৬২ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যার দিকে মারা যায়।
ডা. তরিকুল ইসলাম আরও জানান, এ ঘটনায় সোলাইমান মোল্লা, মনসুর আলী শিশু তায়েবা, আরিফুল ইসলাম, মহিদুল, নার্গিস খাতুন, জহিরুল ইসলাম, মোতালেব, মো. সোলায়মান, রাব্বি, তাওহীদসহ এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এখনো চিকিৎসাধীন অবস্থায় থাকা ৮–১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
গত বুধবার গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে ৩৬ জন দগ্ধ হন। তাদের সকলের অবস্থাই আশঙ্কাজনক বলে বৃহস্পতিবার জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন।
এলাকাবাসীর বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় শফিক খান তার বাসার জন্য একটি গ্যাস সিলিন্ডার কিনে আনেন। পরে সিলিন্ডারটি চুলার সঙ্গে সংযোগ দেওয়ার পর এর চাবি থেকে গ্যাস বের হতে শুরু করে। পরে তিনি সিলিন্ডারটি বাইরের রাস্তায় ছুঁড়ে ফেলেন। তখনও সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছিল। এমন সময় ওই স্থানে একটি মাটির চুলার আগুন থেকে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। এতে রাস্তায় থাকা ৩৬ জন দগ্ধ হয়।



