তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে নিয়মিত লিস্টে রাখতে পারেন পানি বা বিশেষ পানীয়। এক্ষেত্রে এমন পানীয় বেছে নিতে হবে, যা আপনার শরীর ভালো রাখতে সাহায্য করে। পাশাপাশি ত্বকের সুস্বাস্থ্যও রাখবে অটুট। সে দিক থেকে আপনি ভরসা রাখতে পারেন তরমুজ, মাল্টা বা কমলা ও চিয়া সিডসের বিশেষ পানীয়ে। তরমুজের তৈরি এই পানীয় গরমে সুস্থ থাকতে সাহায্য করবে। সেই সঙ্গে ত্বকের জেল্লাও বাড়াবে।
ত্বকের জন্য তরমুজ খুবই উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা ত্বকের কোলাজেনের উৎপাদন বাড়াতে সাহায্য করে। একইসঙ্গে আনইভেন স্কিনটোনের সমস্যাও দূর করে। এটি মুখের দাগছোপ সরাবে, সেই সঙ্গে বাড়াবে ত্বকের জেল্লা। কোলাজেনের মাত্রা বাড়লে আপনার ত্বক হবে টানটান।
আবার চিয়া সিডসও ত্বকের জন্যে বেশ উপকারী। এতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে। আর এই বীজের নানা ভিটামিন ফিরিয়ে আনে ত্বকের সুস্বাস্থ্য। তাই তো পুষ্টিবিদেরা চিয়া দানাকে সুপারফুডও বলে থাকেন।

তরমুজের বিশেষ পানীয় কীভাবে বানাবেন জেনে নিন
প্রথমে আপনাকে ২-৩ চামচ চিয়া দানা কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এবার জুসারে ১ কাপ তরমুজ কিউব দিন। তারপর ভালো করে ব্লেন্ড করুন। একটি গ্লাসে তরমুজের এই জুস ঢেলে দিন। তাতে যোগ করুন ভিজিয়ে রাখা চিয়া দানা। তারপর দিন লেবুর রস এবং চাট মশলা। বরফ কুচি, মালটা বা কমলার টুকরা এবং এক কাপ তরমুজ কিউব দিয়ে দিন। ব্যস তৈরি তরমুজের বিশেষ পানীয়।
এই পানীয় নিয়মিত পান করলে শরীর তো ভালো থাকবেই, সেই সঙ্গে ত্বকের জেল্লারও কোন অভাব হবে না। তরমুজের এই শরবত ডিটক্স ওয়াটার হিসেবেও বেশ কার্যকরী ভূমিকা রাখবে।


রোদ আর গরমে জ্বলছে ত্বক? কী করবেন জানুন
গরমে কেমন হবে আরামের পোশাক?
