চলচ্চিত্রের সাবটাইটেল খুঁজে পেতে সিনেপ্রেমীদের ভরসার জায়গা ছিল ‘সাবসিন.কম’। ইংরেজি, বাংলাসহ বিশ্বের সর্বাধিক ভাষার সাবটাইটেল পাওয়া যেত এই ওয়েবসাইটে। কিন্তু দিন তিনেক আগে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে সাবসিন। খবর টরেন্ট ফ্রিকের।
এর আগে সাবসিন ফোরামের এক পোস্টে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্ল্যাটফর্মটি বন্ধ হয়ে যাচ্ছে।
এমন ঘোষণায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন সিনেপ্রেমীরা, যাঁরা সাইটটিতে খুব সহজেই বেশিরভাগ চলচ্চিত্রের সাবটাইটেল খুঁজে পেতেন।
ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাবসিন বন্ধ হয়ে গেছে। এই যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।’ তবে কী কারণে বন্ধ করা হয়েছে, তা জানানো হয়নি। যদিও মাস দুয়েক আগেই বন্ধ হয়ে যাবে, এমন আভাস মিলেছিল।
কর্তৃপক্ষের তরফে গ্রাহকদের বলা হয়েছিল, ‘সবাইকে হ্যালো, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি সাবসিন আর বেশিদিন চলতে পারছে না। বেশ কয়েক বছর ধরে এটি নিজের জন্য আর্থিক ব্যয় তুলে আনতে পারছে না, গ্রাহক হ্রাস পাচ্ছে এবং রক্ষণাবেক্ষণ সম্ভব হচ্ছে না।’

হঠাৎ সাবসিনের এমন ঘোষণায় সাবটাইটেল অনুবাদক ও দর্শকসহ অনেকেই বিচলিত হয়ে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের অনেক দুঃখপ্রকাশ করেছেন।
আকাশ হোসেন নামের একজন সাবটাইটেল অনুবাদক লিখেছেন, ‘বছরের পর বছর ধরে অনেক স্মৃতি এই সাইটের সাথে। অনেকের জানা, একসময় আমি নিজেও বাংলা সাবের কাজ করতাম। ১৬টা সাবটাইটেল ছিল এখানে আমার। শুধু আমার বলে না, বাংলা সাবের জমায়েত ছিল এখানেই। বাংলা বাদ দিলাম, অনেকসময় ইংরেজি সাবের জন্যও তো এখানেই ঢুঁ মারা হতো সব সিনেমাপ্রেমীর। হয়তো বিকল্প আছে বা আসবে। তবে, সাবসিন বন্ধ হওয়াতে, অনেক সিনেমা অনুরাগীই বেশ ঝামেলায় পড়বে। আর এটা ছিল আবেগের মতো। অনেকটা প্রথম প্রেমের মতো।’
প্রসঙ্গত, সাবসিনে ওয়েবসাইটে হলিউড, বলিউড, দক্ষিণী, ইরানি, কোরিয়ান, তুর্কিসহ বিভিন্ন ভাষার সিনেমা-সিরিজের সাবটাইটেল পাওয়া যেত। যেখান থেকে সহজেই ফ্রি সাবটাইটেল ডাউনলোড করতে পারতেন দর্শকরা। যদিও বিকল্প হিসেবে এখন ওয়াইআইএফওয়াই সাবটাইটেল, ওপেন সাবটাইটেলসহ বেশকিছু সাবটাইটেল-সমৃদ্ধ ওয়েবসাইট রয়েছে, যেখান থেকে সহজেই সাবটাইটেল নামানো যাচ্ছে।


পরিচালনায় বদল, পর্দায় ফিরছে নতুন ‘ম্যাট্রিক্স’
‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি’র নতুন কিস্তি আসছে?
