বিগত সাত দশকের সেন্সর বোর্ড প্রথা বাতিল করে গঠিত হলো ‘সার্টিফিকেশন বোর্ড’। সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রথমবারের মতো প্রিভিউয়ে বসছেন এই বোর্ডের সদস্যরা। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন নির্মাতা খিজির হায়াত খান।
জানা যায়, প্রথমদিন ‘ভয়াল’ ও ‘রাজকুমারী’ নামে দুটি সিনেমা দেখবে সার্টিফিকেশন বোর্ড। আজ বিকেল ৪টায় প্রিভিউয়ে বসবেন সদস্যরা।
বোর্ডের অন্যতম সদস্য খিজির হায়াত খান বলেন, ‘যে কাজটি আমরা শুরু করতে যাচ্ছি তা অত্যন্ত কঠিন। একটু সময় লাগবে বিধিগুলো সংস্কার করে চলচ্চিত্রবান্ধব করতে। চলচ্চিত্রে অবশ্যই পরিবর্তন আসবে। আপাতত সিনেমা হলে যেন চলচ্চিত্রগুলো নিয়মিত মুক্তি পেতে পারে, সেদিকে নজর দিচ্ছি আমরা।’
চলচ্চিত্রকর্মীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে চলচ্চিত্র ‘সার্টিফিকেশন বোর্ড’ নামকরণ করে গত ২২ সেপ্টেম্বর এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
প্রসঙ্গত, ব্রিটিশদের তৈরি ১৯১৮ সালের সিনেমাটোগ্রাফ অ্যাক্ট ১৯৫২ সালে পরিবর্তিত হয়ে ‘ইস্ট বেঙ্গল বোর্ড অব ফিল্ম সেন্সর’ নামকরণ হয়। এরপর নানা রাজনৈতিক পটপরিবর্তন, মানচিত্রের বদল ঘটলেও বিগত ৭২ বছরে চলচ্চিত্র নিয়ন্ত্রক সংস্থার রীতি বদলায়নি।
এবার ২০২৪ সালে এসে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে বিদায়ী আওয়ামী লীগ সরকারের পদক্ষেপটির বাস্তবায়ন ঘটছে। যদিও নীতিমালার বদল নিয়ে এখনও আলাপ-আলোচনা চলছে।


চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভেতর-বাহির
