বিকেলের নাস্তা হোক বা অতিথি আপ্যায়ন, কর্ন-আলু পাকোড়া তৈরি করা যায় সহজেই। আর খেতেও দারুণ মজার। রেসিপিটিতে ব্যবহার হয়েছে মিষ্টি কর্ন, আলু আর নানান মসলা। যা তৈরি করে একেবারে পারফেক্ট কড়কড়ে পকোড়া। রইল রেসিপি।
যা যা লাগবে
- কর্ন দেড় কাপ
- পেঁয়াজ (পাতলা করে কাটা) ২টি
- আলু (জুলিয়েন কাট) ১টি
- বেসন ১ কাপ (চালুনো)
- ভুট্টার আটা ২ টেবিল-চামচ
- কাঁচা মরিচ (কুচানো) ২-৩টি
- কারি পাতা ১২-১৫টি
- ধনেপাতা কুচি ১ মুঠো
- আদা-রসুন বাটা ১/২ টেবিল-চামচ
- লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ (বা স্বাদমতো)
- আজওয়াইন ১/২ চা-চামচ
- ধনে (ভাজা ও গুঁড়া করা) ১/২ টেবিল-চামচ
- লবণ ১ চা-চামচ
- জিরা (ভাজা ও গুঁড়া করা) ১ চা-চামচ
- হলুদ গুঁড়া ১/২ চা-চামচ
- পানি ১/২ কাপ
- তেল ভাজার জন্য
- চাট মসলা পরিবেশনের জন্য
যেভাবে বানাবেন
একটি বড় বাটিতে কর্ন, পেঁয়াজ, আলু, বেসন, ভুট্টার আটা, কাঁচা মরিচ, কারিপাতা, ধনে পাতা, আদা-রসুন বাটা, লাল মরিচ গুঁড়া, আজওয়াইন, ধনে গুঁড়া, লবণ, জিরা গুঁড়া ও হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ধীরে ধীরে অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটি এমনভাবে গড়ে তুলুন যাতে এটি হাতে তুলে পকোড়া বানানোর মতো হয়। না অতিরিক্ত পাতলা, না অতিরিক্ত শুকনো।
একটি কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে পকোড়াগুলো ছেড়ে দিন। প্রতিটি পকোড়া যেন সোনালি ও মচমচে হয়, সেদিকে খেয়াল রাখুন। তেল থেকে তুলে টিস্যু পেপারে রাখুন যেন অতিরিক্ত তেল শুষে যায়। শেষে একটু চাট মসলা ছিটিয়ে পরিবেশন করুন পুদিনা চাটনি বা টমেটো সসের সঙ্গে।


সকালের নাশতায় যেভাবে বানাবেন মিটবল কারি
ম্যাংগো কুনাফা টোস্ট যেভাবে বানাবেন, রইল রেসিপি
