দেখার পর ‘বনলতা এক্সপ্রেস’কে মনে হবে জীবন্ত দুঃখের এক বাহন: হাসনাত আবদুল্লাহ

আপডেট : ০২ জুন ২০২৬, ০৬:৪৭ পিএম

গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের আগপর্যন্ত। এদিকে, গত ৩০ মে ব্রাহ্মণবাড়িয়ায় এ সিনেমার একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তবে শেষপর্যন্ত স্থানীয় কওমী ছাত্র ঐক্য পরিষদের শিক্ষার্থীদের বাধা এবং প্রশাসনের অনুমতি না পাওয়ায় সেই প্রদর্শনী বাতিল হয়! ফলে সিনেমাটি আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এমন আবহে বনলতা এক্সপ্রেস দেখার অভিজ্ঞতা সামাজিকমাধ্যমে ভাগ করে নিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সিনেমাটি নিয়ে তাঁর সেই পর্যালোচনা নিচে হুবহু তুলে ধরা হলো—

‘‘অসুস্থ এক মায়ের জন্য হেলিকপ্টার আনার আবদার শুনে মন্ত্রী মহোদয় অবাক হলেন। বললেন, ‌‘একটা মামুলি বিষয়কে আপনি এত বড় কেন করছেন?’ গণিতের প্রফেসর রশিদ উদ্দিন উত্তর দিলেন, ‘মন্ত্রী সাহেব, মামুলি বিষয়কে বড় করে তোলাই তো মানুষের কাজ!’

বনলতা এক্সপ্রেস মুভিতেও আসলে একই কাজ করা হয়েছে। ছোট-ছোট গল্প দিয়ে তুলে ধরা হয়েছে অনেকগুলো মানুষের জীবনকে, তাদের দুঃখকে। সিনেমাটা দেখার পর বনলতা এক্সপ্রেসকে আপনার আর ট্রেন মনে হবে না; মনে হবে জীবন্ত দুঃখের এক বাহন, যার একেকটা বগি একেকটা দুঃখ দিয়ে ভর্তি।

যেমন ডাক্তার আশাবের কথাই ধরুন। ম্যাজিক দেখানো, মায়ের সঙ্গে মজা করা হাসিখুশি ছেলেটাও একটা পর্যায়ে দুই হাঁটু গেড়ে বসে পড়ে বলল, ‘না পারলাম ভালো মানুষ হইতে, না পারলাম ভালো ডাক্তার হইতে!’ সঙ্গে সঙ্গে আশাব হয়ে গেল বাংলাদেশের সমস্ত বড় ছেলে; যাদের পেছনে থাকে শৈশবের ট্রমা, বর্তমানজুড়ে থাকে আফসোস, আর হাতে থাকে কিছু অনর্থক ম্যাজিকের কার্ড। দেখতে দেখতে মনে হয়, আমরাও কি অনর্থক কিছু কার্ড আর মুখে ফেইক হাসি ঝুলিয়ে বেড়ানো ডাক্তার আশাব নই?

বনলতা এক্সপ্রেস সিনেমার একটি দৃশ্যে সাবিলা নূর। ছবি: ফেসবুক থেকে নেওয়া

নিঃসন্তান কিন্তু ক্ষমতাবান মন্ত্রী আবুল খায়ের, নাকি মাত্র ২৪ বছর বয়সী একমাত্র ছেলের কফিন নিয়ে যাত্রা করা রশিদ উদ্দিন—কার দুঃখ আসলে বেশি? হাতে মাত্র একবছরের জীবন নিয়ে আজিজ যখন স্ত্রী, ছেলে আর মেয়ের ওপর থেকে মায়া কাটাতে ব্যস্ত, ঠিক সেই সময়ে জীবনে নতুন যাত্রা শুরু করতে হাত বাড়িয়ে দিচ্ছে সদ্য এডমিশন ক্যান্ডিডেট রুবি। যে ট্রেনে একজন তরুণ কফিনে চড়ে যাচ্ছে, ঠিক একই ট্রেনে একজন তরুণী জীবন নতুনভাবে শুরু করছে। একটি বিদায়ের দিকে, অন্যটি আগমনের দিকে। শেষ আর শুরুকে একই রেখায় বেঁধে। 

সেই একই রেললাইনে বসে গণিতের প্রফেসর কান্নায় ভেঙে পড়ে বললেন, ‌‘হোল ওয়ার্ল্ডে আমি ম্যাথে জায়ান্ট নাম্বার এইট, কিন্তু ম্যাথ আমার হাতে নাই, ম্যাথ আমার হাতে নাই!’ ম্যাথ কি আসলে আমাদের কারও হাতেই থাকে? নাকি আমাদের সকল ম্যাথের সমাধান নিয়ে উপরে একজন বসে থাকেন, আর আমাদের হিসাব মেলানোর ছুটোছুটি দেখেন? 

জানাজার নামাজের কোনো আজান হয় না। কারণ জন্মের সময়ই আমাদের কানে আজান দিয়ে দেওয়া হয়। জন্মের সময় আজান আর মৃত্যুর সময় তার নামাজ। এর মাঝখানের সময়টুকুই আমাদের জীবন।

বনলতা এক্সপ্রেস সিনেমার দৃশ্যে মোশাররফ করিম ও শরীফুল রাজ। ছবি: সংগৃহীত

এ ছাড়াও বনলতা এক্সপ্রেস হচ্ছে একটা পৃথিবী। যে পৃথিবীর একপাশে সন্তানের কফিন, আরেক পাশে নতুন এক শিশুর জন্ম। যে পৃথিবীর একপাশে ক্ষমতার দম্ভ, আরেক পাশে মানুষের প্রতি ভালোবাসা। একপাশে নীলাকে হারিয়ে ফেলার কষ্ট, আরেক পাশে চিত্রার বাড়িয়ে দেওয়া হাত।

দিনশেষে বনলতা এক্সপ্রেস আমার গল্প, আমাদের গল্পই। জন্মের আজান, মৃত্যুর জানাজা, হারানোর দুঃখ কিংবা পাওয়ার আনন্দ—সব নিয়েই আমাদের জীবন। বারবার হাঁটু গেড়ে পড়ে যাওয়ার পরও আবার উঠে দাঁড়িয়ে ছুটে চলাই মানবজাতির নিয়তি।

নিয়তি বলেই একটা থেঁতলে যাওয়া ব্যাঙও মাটির সঙ্গে অর্ধেক লেপ্টে থাকা দেহটা নিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত লাফায়, চলে, চলতে থাকে। তাকে থামানো যায় না। এই চলতে থাকাই জীবনের ধর্ম। থেমে গেলেও, কষ্ট পেলেও জীবন কষ্ট পেতে পেতে সূর্যের মতো স্পষ্ট হয়ে সুস্মিত শিশিরের মতো সবার মাঝে বারবার ছড়িয়ে পড়ে। ঠিক বনলতা এক্সপ্রেসের মতো।

এই বনলতা এক্সপ্রেসকে কেউ থামাতে পারে না। কারণ এই ট্রেন মানবজীবনেরই মতো যেখানে স্থবিরতা নয়, কেবল রূপান্তরই চূড়ান্ত সত্য। সেই রূপান্তরের ভেতর দিয়েই মানুষ অশ্রুকে অভিজ্ঞতায়, সংগ্রামকে সাফল্যে, দুঃখকে মহাকাব্যে, সম্ভাবনাকে ইতিহাসে পরিণত করে। যে রূপান্তর শিশুকে প্রৌঢ়ে, বীজকে বৃক্ষে, স্বপ্নকে বাস্তবে পরিণত করে—সেই রূপান্তরকে বন্ধ করে দেওয়ার সাধ্য কার আছে?’’

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
গত ১৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি জ্বালানি খাতে হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে...
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিয়োগ নিয়ে বিরোধের জেরে বিএনপিপন্থী আইনজীবীদের দুই গ্রুপের মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। 
একটি শিশু হারিয়ে গেলে পরিবারের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। অনেকেই বুঝতে পারেন না কী করা উচিত, কোথায় যাওয়া উচিত। আর ঠিক এই আতঙ্কের মুহূর্তেই নষ্ট হয়ে যায় সবচেয়ে মূল্যবান সময়। পুলিশ সদর দপ্তর বলছে, চলতি...
মালয়েশিয়ার শ্রমবাজার চালুর অগ্রগতি হলেও কর্মী নিয়োগের লাইসেন্স মাত্র ২৫ রিক্রুটিং এজেন্সির। খাত সংশ্লিষ্টদের অভিযোগ, সীমিত এজেন্সির কারণে বাড়তে পারে সিন্ডিকেটের দৌরাত্ম্য। খরচও বাড়তে পারে কর্মীদের।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর