বাংলাদেশে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং দক্ষ স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান সম্প্রসারণে ফিলিপাইনের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।
এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সোমবার ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় (ডিপার্টমেন্ট অব হেলথ) এবং অভিবাসী কর্মী মন্ত্রণালয় (ডিপার্টমেন্ট অব মাইগ্র্যান্ট ওয়ার্কার্স)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করে।
বৈঠকে বাংলাদেশের নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা ও পেশার উন্নয়ন, প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করা এবং দক্ষ বাংলাদেশি নার্স ও মিডওয়াইফদের জন্য আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ফিলিপাইনের অভিজ্ঞতা ও সফল কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়।
ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে দেশটির নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মানোন্নয়ন, দক্ষতা উন্নয়ন, লাইসেন্সিং ও নিয়ন্ত্রক কাঠামো, স্বাস্থ্যকর্মীদের পেশাগত বিকাশ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবায় নার্স ও মিডওয়াইফদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাংলাদেশের চলমান স্বাস্থ্যখাত সংস্কার, বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্যসেবাকেন্দ্রিক কার্যক্রম আরও কার্যকর করতে ফিলিপাইনের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ প্রতিনিধি দল।
অন্যদিকে, অভিবাসী কর্মী মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত করা, তাদের দক্ষতা ও ভাষাগত সক্ষমতা বৃদ্ধি, নৈতিক ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, বিদেশে কর্মরত স্বাস্থ্যকর্মীদের অধিকার ও কল্যাণ রক্ষা এবং সরকার-সরকার (জি-টু-জি) সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। বৈঠকে বিদেশে কর্মরত স্বাস্থ্যকর্মীদের দক্ষতা উন্নয়ন, সুরক্ষা ও পেশাগত সহায়তা প্রদানে ফিলিপাইনের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্যখাতের অন্যতম অগ্রাধিকার হলো প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা। নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা ও পেশার উন্নয়নের মাধ্যমে একদিকে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নত হবে, অন্যদিকে আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ বাংলাদেশি স্বাস্থ্যকর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’
তিনি আশা প্রকাশ করেন, ফিলিপাইনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং দক্ষ স্বাস্থ্যকর্মীদের বৈশ্বিক কর্মসংস্থান সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৈঠকে উভয় পক্ষ স্বাস্থ্যখাতে মানবসম্পদ উন্নয়ন, নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক কর্মসংস্থান সম্প্রসারণে ভবিষ্যতেও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে।
বাংলাদেশের স্বাস্থ্যখাত সংস্কার, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রে এ সফরকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।



