হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপি নতুন কোনো ভাইরাস নয়। আট বছর আগে শনাক্ত হয় বাংলাদেশে। এ পর্যন্ত অনেকের শরীরে ভাইরাসটি শনাক্ত হলেও জটিলতার ইতিহাস নেই। এ কারণে এইচএমপি নিয়ে এই মুহূর্তে ভয়ের কিছু দেখছে না সরকার।
চীনের কিছু এলাকায় ছড়িয়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাস। ভারতসহ আরও কিছু দেশে শনাক্ত হয়েছে ভাইরাসটি।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানান, ২০১৭ সালে এইচএমপিভি প্রথম শনাক্ত হয় বাংলাদেশে। এর পর কমবেশি প্রতিবছরই শনাক্ত হয়ে আসছে। সাধারণ সর্দি-কাশি জ্বরের মতোই লক্ষণ। বেশি মারাত্মক হলে শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয়। মৃত্যুর আশঙ্কা কম।
এ বিষয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. আরিফা আকরাম বর্না বলেন, করোনা মহামারীর পর যে কোনো ভাইরাস নিয়ে সাধারণ মানুষের আতঙ্ক বেড়েছে। করোনার মতোই হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায় এইচএমপি ভাইরাস। এ ভাইরাস থেকে বাঁচতে সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
২০০১ সালে নেদারল্যান্ডসে প্রথম শনাক্ত হয় হিউম্যান মেটানিউমো ভাইরাস।



