গাজায় ২৪ ঘণ্টায় পাঁচ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ২৯জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন সাংবাদিক রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত ৯ মাসে ইসরায়েলি হামলায় ১৫৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর অপরাধ যাতে প্রকাশ না পায়, এ জন্য ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইহুদি সেনারা।

সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কাজ করা মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট জানিয়েছে, তারা ১৯৯২ সাল থেকে বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার তথ্য নথিভুক্ত করে আসছে। ওই সময় থেকে এখন পর্যন্ত পৃথিবীতে যত সংঘাত হয়েছে, তার মধ্যে গাজার যুদ্ধ হচ্ছে সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী।

এ ছাড়া ওয়াশিংটনভিত্তিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্ট’ গত ফেব্রুয়ারিতে জানিয়েছে, গত ৩০ বছরের মধ্যে সাংবাদিকেরা সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছেন চলমান ইসরায়ের–হামাস যুদ্ধে। সংস্থাটি সাংবাদিক হত্যা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জন নিহত হওয়ার পর গাজায় আক্রমণ শুরু করে ইসরায়েল। এ সময় ২৫১ জন ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে আসে হামাস। 

গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩৭ হাজার ৯৫৩ জন ফিলিস্তিনির মৃত্যুর খবর জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। 

ধারণা করা হচ্ছে, জিম্মিদের মধ্যে এখনও অন্তত ১১৬ জন হামাসের কাছে বন্দি। ইসরায়েলি কর্তৃপক্ষের ধারণা, ৪২ জন জিম্মি এরই মধ্যে মারা গেছে। আর বাকিদের হয় ছেড়ে দেওয়া হয়েছে অথবা তাদের মরদেহ উদ্ধার হয়েছে।

আরও পড়ুন: