বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হয় ৩০০ আসনে। পুরো দেশকে ৩০০টি নির্বাচনী এলাকায় ভাগ করে প্রতিটি এলাকা থেকে একজন করে প্রতিনিধি নির্বাচন করা হয়। সরল অঙ্কের এই সংখ্যা কখনো কখনো বদলে দেয় রাজনীতির জটিল সমীকরণ। কারণ, কোনো দল এককভাবে ২০০ বা তার বেশি আসন পেলে সেটিকে বলা হয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা। যে শক্তি আইন প্রণয়ন থেকে শুরু করে সংবিধান সংশোধন পর্যন্ত পথ খুলে দেয়।
সংবিধান পরিবর্তনের জন্য প্রয়োজন হয় সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন। অর্থাৎ অন্তত ২০০ জনের ভোট। ফলে এমন জয় কেবল সরকার গঠনের নিশ্চয়তা নয়, রাষ্ট্রের মৌলিক কাঠামো স্পর্শ করার ক্ষমতাও এনে দেয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই সংখ্যাগরিষ্ঠতা একাধিকবার বড় পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি করেছে।
তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিলোপ
বাংলাদেশ আওয়ামী লীগ ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ২৩০টি আসনে জয় পায়। আর জোটসঙ্গীসহ সেই সংখ্যা দাঁড়ায় ২৬২। এই শক্তি নিয়েই পরবর্তী সময়ে আদালতের রায়ের প্রেক্ষাপটে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়। ক্ষমতায় থাকা অবস্থায় ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত একাধিক মেয়াদে সংসদে বড় ধরনের বিরোধিতা ছাড়াই বেশ কিছু বিতর্কিত আইন পাস হয়। সন্ত্রাসবিরোধী আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ও বিদ্যুৎ-জ্বালানির বিশেষ বিধান আইন তার মধ্যে উল্লেখযোগ্য।
২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭টি করে আসন পায়, যদিও নির্বাচনগুলো নিয়ে বিতর্ক ছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৫ সালে সুপ্রিম কোর্ট ত্রয়োদশ সংশোধনী পুনরুজ্জীবিত করলে ভবিষ্যতের নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজনের পথ তৈরি হয়।
জোটের শক্তি ও সাংবিধানিক টানাপোড়েন
২০০১ সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৯৩টি আসন পেলেও জামায়াতে ইসলামীসহ চারদলীয় জোট মিলে সংখ্যা দাঁড়ায় ২১৬-তে। এই জোট সরকারের সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্ধারণ ঘিরে সংবিধানে অবসরের বয়সসীমা বাড়ানো হয়, যা রাজনৈতিক অচলাবস্থার জন্ম দেয়। পরিস্থিতি গড়ায় সেনা-সমর্থিত সরকারের দিকে, গণতন্ত্রে প্রত্যাবর্তনের পথ তখন হয়ে ওঠে দীর্ঘ ও জটিল।
আন্দোলনের মুখে সংশোধন
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে অধিকাংশ দল বর্জন করলেও বিএনপি ২৭৮টি আসনে জয়ী হয়। তীব্র আন্দোলনের মুখে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করতে বাধ্য হয় সরকার। কয়েক মাসের মধ্যেই নতুন নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল ঘটে।
শাসনব্যবস্থার আমূল পরিবর্তন
স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন ১৯৭৩ সালে। আওয়ামী লীগ ২৯৩টি আসনে জয় পায়। দুই বছরের কম সময়ের ব্যবধানে ১৯৭৫ সালের জানুয়ারিতে সংসদীয় ব্যবস্থা থেকে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় ফিরে যায় দেশ। পরের মাসেই একদলীয় ব্যবস্থা চালু হয়, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) নামে। শাসন কাঠামোতে আসে আমূল পরিবর্তন।
এরপর সামরিক অভ্যুত্থান, রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার পালাবদলের ধারায় রাষ্ট্রক্ষমতায় আসেন জিয়াউর রহমান। মার্শাল ল’র অধ্যাদেশে সংবিধানে পরিবর্তন আনা হয়। যুক্ত হয় ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’, বাদ পড়ে ‘ধর্মনিরপেক্ষতা’, প্রবর্তিত হয় ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’। ১৯৭৯ সালের নির্বাচনে বিএনপি ২০৭টি আসনে জয়ী হয় এবং পঞ্চম সংশোধনীর মাধ্যমে আগের সামরিক অধ্যাদেশগুলো বৈধতা দেয়, যা পরে আদালত বাতিল ঘোষণা করে।
১৯৮২ সালে রাষ্ট্রক্ষমতা দখল করেন হুসেইন মুহাম্মদ এরশাদ। ১৯৮৬ ও ১৯৮৮ সালের নির্বাচনে জাতীয় পার্টি বড় জয় পায়। সপ্তম ও অষ্টম সংশোধনীর মাধ্যমে সামরিক আমলের সিদ্ধান্ত বৈধতা পায়। রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি পায় ইসলাম। পরবর্তীতে এর কিছু অংশ উচ্চ আদালতের রায়ে বাতিল হয়।
সংখ্যাগরিষ্ঠতার রাজনীতি
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই-তৃতীয়াংশ আসন পেলে সংসদ কার্যত একদলীয় আধিপত্যের দিকে ঝুঁকে পড়ে। বিরোধী কণ্ঠ দুর্বল হলে সংসদ প্রাণবন্ত থাকে না, আইন পাস হয় দ্রুত, কখনো বিতর্ক ছাড়াই। ফলে সংখ্যাগরিষ্ঠতা গণতান্ত্রিক শক্তি যেমন হতে পারে, তেমনি কর্তৃত্ববাদী প্রবণতারও ঝুঁকি তৈরি করতে পারে।



