মশা কামড়ালে আমরা কী করি? হাত দিয়ে মারার চেষ্টা করি, কয়েল জ্বালাই, নয়তো স্প্রে করি। কিন্তু একবার ভাবুন তো, এমন একটি মশা যদি আপনার ঘরে আসে, যা কামড়ালে আপনার ডেঙ্গু হওয়ার ঝুঁকি বাড়বে তো না-ই, বরং অনেকাংশে কমে যাবে! কী, শুনতে অবাক লাগছে, তাই তো?
কিন্তু এটাই বাস্তবতা। ব্রাজিলের বিজ্ঞানীরা এমন একটি কৌশল নিয়ে পরীক্ষানিরীক্ষা করেছেন, যেখানে মশাকে মেরে ফেলার বদলে মশার মধ্যেই বিশেষ একটি ব্যাকটেরিয়া যুক্ত করে ডেঙ্গুর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে। ফলাফল? ডেঙ্গু সংক্রমণ কমেছে ৬৮ দশমিক ৫ শতাংশ। কী, জানতে ইচ্ছে করছে কীভাবে কাজ করে এই কৌশল? চলুন জানার চেষ্টা করা যাক।
ডেঙ্গু নিয়ে ব্রাজিলের নতুন গবেষণা
ব্রাজিল বিশ্বের অন্যতম বড় ডেঙ্গুপ্রবণ দেশ; বৈশ্বিক ডেঙ্গু রোগীর প্রায় ১০ ভাগের ১ ভাগই আক্রান্ত হয় দক্ষিণ আমেরিকার এই দেশটিতে। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়, যুক্তরাষ্ট্রের এমোরি ও ইয়েল বিশ্ববিদ্যালয় এবং মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস-এর গবেষকেরা দক্ষিণ-পূর্ব ব্রাজিলের বেলো হরিজন্তে শহরে একটি বড় গবেষণা চালান।
গবেষণায় এডিস ইজিপ্টি মশার ওপর পরীক্ষানিরীক্ষা চালানো হয়। গবেষকরা এডিস ইজিপ্টি মশার শরীরে ‘ওলবাচিয়া’ (Wolbachia) নামের একটি ব্যাকটেরিয়া যুক্ত করেন, যেটা প্রাকৃতিকভাবেই পাওয়া যায়।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ব্যাকটেরিয়া মানুষের জন্য একেবারেই ক্ষতিকর নয় এবং প্রায় ৫০ শতাংশ পোকামাকড়ের শরীরে এটি প্রাকৃতিকভাবেই থাকে। কিন্তু ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও ইয়েলো ফিভার ছড়ানো এডিস ইজিপ্টি মশার শরীরে সাধারণত এই ব্যাকটেরিয়া থাকে না।
গবেষকেরা এমন লাখ লাখ ওলবাচিয়া ব্যাকটেরিয়া-যুক্ত মশা প্রকৃতিতে ছাড়েন। এরপর ডেঙ্গুর উপসর্গ পরীক্ষা করতে ৫ হাজার ৭০০ শিশুর ওপর র্যান্ডম পরীক্ষা চালানো হয়। এই শিশুদের মধ্যে ‘ওলবাচিয়া’ ব্যাকটেরিয়াযুক্ত মশা ছাড়া হয়েছে এমন এলাকার শিশুরা যেমন ছিল, তেমনি প্রচলিত কীটনাশক ব্যবহার করা হয়েছে এমন এলাকার শিশুরাও ছিল। যাদের শরীরে কোনো লক্ষণ বা উপসর্গ নেই, এমন রোগী শনাক্ত করতে গবেষকেরা টিক বা আঁটুলি এবং স্যান্ডফ্লাই বা বালুমাছির মাধ্যমে ছড়ানো আরও কয়েকটি রোগেরও পরীক্ষা করেছেন।
ফলাফলে দেখা যায়, ওলবাচিয়া মশা ছাড়া হয়েছে এমন এলাকায় নিয়মিত রক্ত পরীক্ষায় মাত্র ৪ শতাংশ রোগীর শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে, বা ডেঙ্গু পজিটিভ এসেছে। এর বিপরীতে অন্য এলাকায় এই হার ছিল ১৪ শতাংশ।
গবেষণায় দেখা গেছে, ওলবাচিয়া ব্যাকটেরিয়ার কল্যাণে ডেঙ্গু সংক্রমণ কমেছে ৬৮ দশমিক ৫ শতাংশ, আর চিকুনগুনিয়া কমেছে ৭৩ দশমিক ৩ শতাংশ। সবচেয়ে বড় কথা, গবেষণা চলাকালীন সময়ে বেলো হরিজন্তে শহরে ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব চলছিল। তার মধ্যেই এই চমকপ্রদ ফল পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে আমেরিকান সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিনের বৈঠকে এই তথ্য তুলে ধরা হয়।
কেন এত আলোচিত এই গবেষণা?
এই ফলাফল এমন এক সময় সামনে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য ডেঙ্গুর প্রাদুর্ভাব সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে, যা ১৯৪০-এর দশকের পর দেশটিতে সবচেয়ে বড় প্রাদুর্ভাবগুলোর একটি বলে মনে করা হচ্ছে।
ব্রাজিলের এই গবেষণায় যুক্ত ছিলেন না এমন একজন বৈশ্বিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, বোস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড হ্যামার, সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, এটি সত্যিই দারুণ এক অগ্রগতি। তিনি মনে করেন, আরও বেশি এলাকায় ওলবাচিয়া মশা ব্যবহার করা গেলে অনেক জায়গায় ডেঙ্গুর মাত্রা অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
ওলবাচিয়ার ব্যবহার কি এবারই প্রথম?
প্রশ্ন হচ্ছে, ওলবাচিয়া ব্যাকটেরিয়ার ব্যবহার কি এবারই প্রথম? না, ওলবাচিয়ার ব্যবহার একেবারে নতুন নয়। ওলবাচিয়া যুক্ত মশা প্রকৃতিতে ছাড়ার যে প্রকল্প এখন চলমান আছে, তার শুরুটা করেছিল ওয়ার্ল্ড মস্কুইটো প্রোগ্রাম—সংক্ষেপে ডব্লিউএমপি (WMP)।
২০০০-এর দশকের মাঝামাঝি সময় থেকে চলা এই উদ্যোগের অধীনে কলম্বিয়ার আবুরা ভ্যালি এবং ব্রাজিলের নিটেরয় শহরের মতো অঞ্চলে কাজ করা হয়েছে, যেগুলোর সম্মিলিত জনসংখ্যা প্রায় ৪৫ লাখ।
ওয়ার্ল্ড মস্কুইটো প্রোগ্রামের (WMP) তথ্য অনুযায়ী, প্রায় ১০ লাখ মানুষের ওপর চালানো পর্যবেক্ষণে দেখা গেছে, এসব এলাকায় ডেঙ্গু সংক্রমণ ৯২ শতাংশ কমেছে। গবেষকেরা জোর দিয়ে বলেছেন, এই পদ্ধতিটি বেশ টেকসই এবং পরিবেশের জন্য প্রচলিত ফিউমিগেশন বা স্প্রে করার পদ্ধতির চেয়ে অনেক বেশি উপযোগী। কেননা ফিউমিগেশন বেশ ব্যয়বহুল এবং বিষাক্ত হতে পারে।
অন্যদিকে, সিঙ্গাপুরে ২০১৬ সাল থেকে দেশটির কর্তৃপক্ষ ডেঙ্গুবাহী মশা নিয়ন্ত্রণে ওলবাচিয়া ব্যাকটেরিয়া ব্যবহার করে আসছে। এক্ষেত্রে ব্যাকটেরিয়া বহনকারী পুরুষ মশা প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়, যাতে তারা শহরের বন্য স্ত্রী মশার সাথে মিলিত হয়। এর ফলে যে ডিম উৎপন্ন হয়, তা থেকে লার্ভা বা নতুন মশা ফোটে না।
মূল লক্ষ্য হলো নির্দিষ্ট এলাকায় ওলবাচিয়া ব্যাকটেরিয়া যুক্ত মশার স্থানীয় বংশবিস্তার করা বা সংখ্যা বাড়ানো। ডব্লিউএমপি-এর কার্যক্রমের অধীনে বিজ্ঞানীরা স্থানীয় কমিউনিটির নেতাদের সাথে মিলে পূর্ণবয়স্ক মশা ছেড়েছেন, অথবা খাবারের টেকঅ্যাওয়ে বক্সে ডিম রেখেছেন, যাতে সেগুলো পূর্ণাঙ্গ মশায় পরিণত হয়ে স্থানীয় মশার সাথে মিশে যেতে পারে। সময়ের সাথে সাথে এই মশাগুলো বংশবিস্তার করে টিকে থাকবে বলে মনে করেন গবেষকরা।
তবে শুধু ডেঙ্গু নয়, মশা দিয়ে ম্যালেরিয়াসহ অন্য রোগ ঠেকানোর চেষ্টাও চলছে। এক্ষেত্রে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন এবং সীমিত পরিসরে সাফল্যও পেয়েছেন।
ডেঙ্গুতে প্রতি বছর সারা বিশ্বে ২০ থেকে ৪০ হাজার মানুষ প্রাণ হারান। আমাদের দেশেও এর প্রকোপ অনেক সময়ই বেশ ভয়ানক হয়ে উঠে। ডেঙ্গু রুখতে মশা ও মশার প্রজননস্থল ধ্বংসের মতো চিরাচরিত কৌশলের পাশাপাশি বিজ্ঞানীরা এখন মশার ভেতরের জৈবিক প্রক্রিয়া বা জীববিজ্ঞানকেই কাজে লাগাতে চাইছেন এবং এতে উল্লেখযোগ্য সাফল্যও পেয়েছেন।
তবে মাঠপর্যায়ে দীর্ঘমেয়াদি কার্যকারিতা আর নিরাপত্তা যাচাইয়ের কাজ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেঙ্গু নিয়ন্ত্রণে এমন নতুন সমাধান কতটা টেকসই হয়, সেদিকেই তাকিয়ে বিশ্ব।


