পটুয়াখালীর কলাপাড়ায় জাল ভোটের দেওয়ার চেষ্টার দায়ে দুজনকে আটক করেছে পুলিশ। এছাড়া অন্য আরেকটি কেন্দ্রে গোপনকক্ষে ছবি তোলার দায়ে আরও একজন আটক হয়েছেন পুলিশের হাতে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে কলাপাড়ার খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করেন তাওহীদ ইসলাম (১৬) ও সোহাগ সিকদারকে (৪৬)। তবে সফল হতে পারেননি তারা। অন্যদিকে ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে গোপন কক্ষে ছবি তোলার দায়ে বেলাল হোসেন (৪৬)আরেক জনকে আটক কথা জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহীর কর্মকর্তা কাউসার হামিদ। তিনি জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
উল্লেখ্য, আজ সকাল সাড়ে সাতটা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। একই দিনে অনুষ্ঠিত হচ্ছে গণভোটও।
এবারের নির্বাচনে ভোট দিচ্ছেন দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩ জন।



