পটুয়াখালীর কলাপাড়ার উপকূলীয় এলাকায় জেলেদের ট্রলারে জলদস্যুরা হামলা চালিয়ে বিপুল পরিমাণ মাছ, জাল, জ্বালানি তেলসহ বিভিন্ন মালামাল লুট করেছে বলে অভিযোগ উঠেছে। এক মাস না পেরোতেই ফের এমন ঘটনায় গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়া জেলেদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
শনিবার ভোর ৫টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পায়রা বন্দর বয়া এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রামের কর্ণফুলী এলাকার বাসিন্দা দেলোয়ারের মালিকানাধীন ‘এফবি শাহআমানত’ ট্রলারে হামলা চালিয়ে মালামাল লুট করা হয় বলে অভিযোগ।
এ সময় লুটপাটে বাধা দিলে হোসেন ও সেলিম নামে দুই জেলেকে মারধর করা হয়। এতে তারা গুরুতর আহত হন। আহত দুজনই নোয়াখালীর বাসিন্দা। পরে দুপুরে তাদের মহিপুর উপস্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জলদস্যুদের কবলে পড়া ট্রলারটির মালিক দেলোয়ার জানান, গত ১ সেপ্টেম্বর প্রয়োজনীয় বাজারসদাই করে ট্রলারটি সমুদ্রে পাঠান তিনি। পরে জলদস্যুরা সুযোগ নিয়ে ‘এফবি নুসরাত’, ‘এফবি মায়ের দোয়া’ ও ‘এফবি আল্লাহর দান’ নামে তিনটি ট্রলারে থাকা প্রায় ৬ লাখ টাকার মাছ, ৫ লাখ টাকার জাল ও জ্বালানি তেল নিয়ে যায়।
এ বিষয়ে কোস্টগার্ডের নিজামপুর কন্টিনজেন্ট কমান্ডার শহীদুল্লাহ বলেন, ‘জেলেরা তাৎক্ষণিকভাবে কোস্টগার্ডকে জানালে অভিযান চালিয়ে জলদস্যুদের ধরার চেষ্টা করা সম্ভব। সমুদ্রে জেলেদের নিরাপত্তায় কোস্টগার্ড সার্বক্ষণিক কাজ করছে। এ ছাড়া জরুরি প্রয়োজনে জেলেরা ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা নিতে পারেন।’



