বাড়ি দখল হয়ে যাওয়ার খবর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। তাঁর দাবি, যে ঘটনাকে কেন্দ্র করে এত আলোচনা-সমালোচনা হচ্ছে, সেটি সাম্প্রতিক নয়, বরং প্রায় দুই দশক আগের।
এ ঘটনায় অনুরাগীমহলে উদ্বেগ তৈরি হলেও খবরটি শুনে রীতিমতো বিস্মিত হয়েছেন এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, ‘মানুষের মাথা কি নষ্ট হয়ে গেছে। একটু ভেবেচিন্তে, কথা বলে লিখলে তো ভালো হয়।’
দিলারা জামান জানান, ২০০৩-২০০৪ সালের দিকে বাড়ি দখলের এ ঘটনা ঘটেছিল। তখন তিনি রাজধানীর শ্যামলী এলাকায় বসবাস করতেন। সেখানে ছিল তাঁর পৈতৃক বাড়ি। বাবার কাছ থেকে পাওয়া সেই বাড়িতেই পরিবারের সদস্যদের নিয়ে থাকতেন। একপর্যায়ে বাড়িটি দখলের পরিস্থিতি তৈরি হয়। বিষয়টি নিয়ে সেসময় সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্টদের মধ্যে তৎপরতা দেখা দেয়। পরে সেই দখলের চেষ্টা সফল হয়নি বলে জানান অভিনেত্রী।
পরবর্তী সময়ে শ্যামলীর সেই বাড়ি বিক্রি করে দেন দিলারা জামান। ২০০৮ সালে সপরিবারে উত্তরায় চলে যান তিনি। সেখানে ১ হাজার ৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনেন। এরপর থেকে তিনি সেখানেই বসবাস করছেন।
দেশের বাইরে থাকা দুই মেয়ের কাছে মাঝেমধ্যে গেলেও এখন আর আগের মতো বিদেশে যাওয়া হয় না বলেও জানান দিলারা জামান। অভিনয়ের পাশাপাশি উত্তরার নিজের ফ্ল্যাটেই সময় কাটছে তাঁর।
তবে এত বছর পর পুরনো একটি ঘটনা নতুন করে ছড়িয়ে পড়ায় হতবাক এই অভিনেত্রী। জানালেন, হঠাৎ করে এ ধরনের ‘আজগুবি তথ্য’ কীভাবে সামনে এল, তা তিনি নিজেও বুঝতে পারছেন না।


আমিরকে কেন ১৭বার থাপ্পড় মেরেছিলেন অক্ষয় খান্না
