খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সরকার বদ্ধ পরিকর। দেশে সুন্দর পরিবেশে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হবে।
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোটকে সামনে রেখে কুমিল্লায় ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।
এ সময় আলী ইমাম মজুমদার বলেন, ‘ভোটের গাড়ি বা সুপার ক্যারাভানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেই সরকারের পক্ষ থেকে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আপনারা উৎসবমুখর পরিবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন এবং একই সাথে গণভোটেও অংশ নেবেন। কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে বলা হয়েছে নির্বাচনে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে আমরাও চাই গোটা দেশে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক।’
উপদেষ্টা বলেন, ‘এই প্রজাতন্ত্রের মালিক জনগণ। এই জনগণের হাতেই সকল ক্ষমতা। জনগণই সিদ্ধান্ত নেবে আগামী পাঁচ বছর কে দেশ চালাবে।’
এ অনুষ্ঠানে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হাসান, সাইফুল মালিক, কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মো. বশিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



