লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, এতে তাদের কোটি টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার কামারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, কামারহাট এলাকায় গ্যাস সিলিন্ডার গোডাউন (আলীফ এন্টার প্রাইজ) নামে প্রতিষ্ঠান থেকে রাতে হঠাৎ বিস্ফোরণ হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ছোট-বড় মিলে ১৫টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে করে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীয়রা। ক্ষতিগ্রস্ত ব্যবসার মধ্যে গ্যামেন্টস, মদি, গ্যাস সিলিন্ডার গোডাউনসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার বলেন, আলীফ এন্টার প্রাইজ গ্যাস সিলিন্ডার গোডাউন থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে শুধুই যে আলীফ এন্টার প্রাইজ গ্যাস সিলিন্ডার বিক্রি করে তা নয়, জ্বালানি তেলও বিক্রি করেন। গ্যাস সিলিন্ডার ও জ্বালানি তেলের কারণে আগুনের সূত্রপাত অনেক বেশি ছিল। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।



