চট্টগ্রামে বন্যা পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হতে শুরু করেছে। বেশিরভাগ উপজেলা থেকে নেমে গেছে কয়েকদিন ধরে জমো থাকা পানি। কমে এসেছে বৃষ্টির মাত্রাও। গত ২৪ ঘণ্টায় ১৬৩ দশমিক ০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
সোমবার সকালে নগরীর কাতালগঞ্জ, আগ্রাবাদ, হালিশহর, পতেঙ্গাসহ বেশকিছু এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও জলাবদ্ধতা কিংবা জলজট নেই। মাঝে মাঝে কিছু বৃষ্টিপাত হলেও সেটিও বেশ সহনীয় পর্যায়ে রয়েছে। সকাল থেকে অনেকটা স্বস্থি নিয়েই কর্মস্থলে যাচ্ছেন লোকজন।
এদিকে পানি নেমে গেছে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশসহ নানা এলাকা থেকে। আশ্রয় কেন্দ্র থেকে নিজ নিজ বাড়ি ফিরতে শুরু করেছেন লোকজন।



