ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে আছে। এতে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটছে। এ অবস্থায় হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হতে অনুরোধ জানিয়েছে পুলিশ। আজ সোমবার সকালে ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের ফেসবুক পেজে এ অনুরোধ জানানো হয়।
বার্তায় বলা হয়, গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতের কারণে বিভিন্ন সড়কের নিচু স্থানসমূহে জলাবদ্ধতার কারণে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। আজকেও সকাল থেকেই বৃষ্টি ঝরছে।
এতে জানানো হয়, বনানী কবরস্থানের পিরে ঢাকা গেট সংলগ্ন মূল সড়কের ইনকামিং এবং আউটগোয়িং উভয় দিকেই কিছুটা জলাবদ্ধতা রয়েছে। যান চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে।
বনানী /কাকলী এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামার র্যাম্প প্রান্তে হালকা পানি জমেছে। যান চলাচল কিছুটা ধীর। ইসিবি এলাকায় ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সামনে পানি জমে রয়েছে। ফলে মিরপুর ডিওএইচএস এবং কালশি হতে ইসিবি হয়ে মাটিকাটা ফ্লাইওভারগামী যানবাহন ধীর গতিতে চলাচল করতে পারছে।
যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে বৃষ্টির পানি জমার কারণে এবং ঢাকা ওয়াসার পাইপ লাইনিং কাজের জন্য যান চলাচলে ধীর গতি রয়েছে।
পুলিশের বার্তায় বলা হয়, সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছে। যার ফলে উল্লিখিত সড়কে জলাবদ্ধতার কারণে যান চলাচল বিঘ্নিত হতে পারে। এমতাবস্থায় সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করা এবং হাতে পর্যাপ্ত সময় নিয়ে চলাচল করার জন্য অনুরোধ করা হলো।



