ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গানবাজনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে পণ্ড হয়ে গেছে জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ ও পাল্টা হামলায় মাদরাসার শিক্ষার্থী-পুলিশসহ ৩০ জন আহত হয়েছেন। আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ, মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর আগমনে রাতে পুলিশ লাইন্সের ভেতরে জেলা পুলিশের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। জাসাস সদস্যরা এতে সঙ্গীত পরিবেশন করছিলেন।
এসময় উচ্চস্বরে গান বাজনা হওয়াতে পার্শ্ববর্তী দারুল আরকাম মাদরাসার শিক্ষার্থীরা সেখানে এসে উচ্চস্বর কমাতে বলেন। এনিয়ে পুলিশ ও মাদরাসা ছাত্রদের মাঝে তর্কবিতর্ক শুরু হয়। উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সের ভেতরে প্রবেশ করে সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা করে। সেসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে লাঠিচার্জ করে। এসময় মাদরাসা ছাত্ররাও ঢিল ছুড়তে শুরু করেন। এ ঘটনায় পুলিশসহ ৩০ জন আহত হন।
দারুল আরকাম মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী জানান, বুধবার তাদের মাদরাসায় পরীক্ষা রয়েছে। গান বাজনার উচ্চস্বরে তাদের সমস্যা হচ্ছিল। তাই প্রথমে তারা কয়েকজন পুলিশ লাইন্সের ভেতরে গিয়ে উচ্চস্বর কমানোর জন্য বলেন। প্রথমে উচ্চস্বরে কমালেও পরে তারা আবারো উচ্চস্বর বাড়িয়ে দেয়। এ নিয়ে পুলিশের সাথে ছাত্রদের বাদানুবাদ শুরু হলে পুলিশ লাঠি চার্জ করে ছাত্রদের আহত করে। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
এ বিষয়ে জানতে সাংবাদিকরা জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফের ফোনে কল করে কোন সারা পাননি।



