চট্টগ্রামের সীতাকুণ্ডের শিপইয়ার্ডে বিষক্রিয়ায় ৯ শ্রমিকের মৃত্যুর ৪ দিন পর অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ বাদি হয়ে মামলাটি দায়ের করে বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।
নিহতদের স্বজনরা মামলা না করায় মঙ্গলবার সীতাকুণ্ড মডেল থানায় পুলিশ বাদি হয়ে অপমৃত্যু মামলাটি দায়ের করে। ফরেনসিক রিপোর্ট ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
গত শুক্রবার সকালে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় গ্যাসের বিষক্রিয়ায় ৯ শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় শিল্প মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসবিআর আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। গ্যাসের উৎস ও দুর্ঘটনার কারণ খুঁজতে গঠন করা হয়েছে বিশেষজ্ঞ দলও।



