চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহ ভাবিকে নিয়ে উধাও হয়েছেন। এ বিষয়ে শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল শনিবার রাতে বাহরাইন প্রবাসী চাচাতো ভাই ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে দেবর রহমত উল্লাহ উধাও হয়ে যায়। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা তাদের খোঁজে নেমে পড়েন। পালিয়ে যাওয়ার পর থেকে দুজনই তাদের মুঠোফোন বন্ধ করে রাখেন।
রোববার সকালে রহমত উল্লাহর স্ত্রী ও প্রবাসী ইব্রাহিম খলিলের দুসন্তানসহ পরিবারের সদস্যরা শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করতে আসেন।
ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি আমাদের নজরে আসলে আমি আমার শ্যালককে অবহিত করি। পারিবারিকভাবে তাদের অবৈধ সম্পর্কের কথা জানাজানি হলে তারা শনিবার রাতে উধাও হয়ে যায়।’
পালিয়ে যাওয়া মরিয়মের খোঁজে তার ১০ বছর বয়সী ও ৬ বছর বয়সী দুই মেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে থানায় আসে। তারা জানায়, মায়ের খোঁজে থানায় এসেছে। মরিয়ম বেগমের শশুর হারুনুর রশিদ বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি দাবি করেন তার ছেলের বৌ স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে শাহরাস্তি থানা পুলিশ।
শাহরাস্তি মডেল থানার (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।



