মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় যাত্রীবেশে অটোরিকশায় ছিনতাইয়ের সময় দুই যুবককে গণপিটুনিতে দিয়েছে স্থানীয় জনতা। আহতদের কাছ থেকে একটি ধারালো ছুরি জব্দ করেছে পুলিশ। উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আজ রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত যুবকেরা হলেন- জেলা সদরের মিরকাদিম পৌরসভার কালিন্ধি পাড়া নাঈম ভূঁইয়া (২০) ও একই পৌরসভার গোপপাড়া এলাকার মো. রাকিব (২২)।
বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী।
ওসি জানান, নারায়নগঞ্জের বক্তাবলী এলাকা থেকে মো. সিয়াম নামে এক চালকের অটোরিকশা ভাড়া করেন নাঈম ও রাকিব। দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুরের দিকে রওনা দেন তাঁরা। দুপুর দেড়টার দিকে তাঁরা আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে পৌঁছান। এসময় অটোরিকশাচালক সিয়ামকে ধারালো ছুরি বের করে ওই দুই যুবক ভয় দেখিয়ে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ওই দুজনের সঙ্গে অটোরিকশাচালকের ধস্তাধস্তি হয়। এ সময় চালক সিয়াম চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে দুই যুবককে আটক করে গণপিটুনি দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুজনকে আটক করে পুলিশ। এসময় আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।



