গাজীপুরের কালীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় ড্রাম ট্রাকের চাপায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়ে আরও দুজন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নরসিংদীর মনোহরদী থানার সুকুন্ধি এলাকার নুরুল ইসলামের ছেলে অলিউল্লাহ (৪০), সিরাজগঞ্জের হাফিজুর রহমানের ছেলে তানিম (৪) এবং অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অন্যদিকে আহতরা হলেন, নিহত শিশুর বাবা সিরাজগঞ্জের হাফিজুর (৪০) ও তার মা সালমা বেগম (৩৫)। তারা সফিপুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে নরসিংদী যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটি টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু তানিম মারা যায়।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল বলেন, সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন মারা গেছেন। নিহত মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে, অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহত স্বামী-স্ত্রীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


গাজীপুরে ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
