গাজীপুরের কালীগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী–ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদীর মনোহরদী থানার সুকুন্ধি এলাকার নুরুল ইসলামের ছেলে অলিউল্লাহ (৪০) এবং অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অন্যদিকে আহতরা হলেন- সিরাজগঞ্জের হাফিজুর (৪০), তাঁর স্ত্রী সালমা বেগম (৩৫) এবং তাদের ছেলে তামিম (৪)। তারা সফিপুর থেকে অটোরিকশা করে নরসিংদী যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংদীগামী সিএনজিচালিত অটোরিকশা টঙ্গী–ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল বলেন, দুর্ঘটনায় দুজন মারা গেছেন। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহত তিনজনকে গাজীপুর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



