ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর অংশে মাওয়ামুখী লেনের পাশ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ষোলঘর স্ট্যান্ড সংলগ্ন ঘাসের ওপর ওই বৃদ্ধকে শুয়ে থাকতে দেখেন এলাকাবাসী। দীর্ঘ সময় ধরে তার কোনো নড়াচড়া না থাকায় সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। পরে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, স্থানীয় ইউপি সদস্য বিষয়টি জানালে সাথে সাথে অফিসার ও ফোর্স পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে। মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


