নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাক, মোটরসাইকেল ও দুটি অটোরিকশা নদীতে পড়ে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের কয়েক ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার রাত নয়টার দিকে ফতুল্লার পাড় থেকে বক্তাবলী এলাকায় ফেরিতে যানবাহন পার করার সময় এ দুর্ঘটনা ঘটে।
বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রকিবুজ্জামান জানান, ফেরিতে ওঠার পর মাঝনদীতে ট্রাকটি চলতে শুরু করে। এসময় সামনে থাকা দুটি অটোরিকশা, একটি ভ্যানগাড়ি ও একটি মোটর সাইকেলসহ মাঝনদীতে পড়ে যায় ট্রাকটি। এসময় নিখোঁজ হন তিনজন।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টা পর উদ্ধার করা হয় মোটরসাইকেল চালক রফিক, ভ্যান চালক স্বাধীন ও প্রবাসী মাসুদের মরদেহ।
পুলিশের ধারণা, ফেরিতে ওঠার পরও ট্রাকটি গিয়ারে ছিল। হঠাৎ চালু হয়ে যাওয়ায় চালক সেটি নিয়ন্ত্রণ করতে না পারায় সামনে থাকা যানবাহনগুলো নিয়ে ট্রাকটি নদীতে পড়ে যায়।



