মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার নিমতলা আন্ডারপাসের ওপর অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় কাঁচামালবাহী একটি পিকআপের চালক ও সহকারী নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।
নিহত চালক সুজন (৩৭) যশোরের কোতোয়ালি থানার বালিয়াডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং নিহত সহকারী ইছারুল খুলনার ডুমুরিয়া এলাকার জীবনের ছেলে। ইছারুল বর্তমানে যশোরে বসবাস করতেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, যশোর থেকে কাঁচামাল নিয়ে পিকআপটি ঢাকার দিকে যাচ্ছিল। নিমতলা আন্ডারপাসের ওপর পৌঁছালে ঢাকামুখী অজ্ঞাত একটি গাড়ি পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক সুজন মারা যান। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ইছারুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, গাড়ি নিয়ে চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত পিকআপ এবং মরদেহ হাসাড়া হাইওয়ে থানায় পুলিশের হেফাজতে রয়েছে।


