ভিসা জটিলতায় কিরগিজস্তানে অধ্যয়নরত দেড় শতাধিক বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থী আটকে আছেন। গত বছরের জুলাই থেকে আটকে আছেন তারা।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন আটকে পড়া শিক্ষার্থীরা।
এ সময় লিখিত বক্তব্যে বলা হয়, কিরগিজ ভিসা পোর্টালে স্টুডেন্ট ভিসা ক্যাটাগরি ‘উন্মুক্ত’ দেখালেও সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ ছাড়াই বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন অনুমোদন করা হচ্ছে না। কিরগিজ সরকার কোনো অগ্রিম সতর্কবার্তা ছাড়াই ভিসা দেওয়া বন্ধ রেখেছে। এ অবস্থায় শিক্ষার্থীরা একটি পূর্ণ সেমিস্টার হারিয়েছেন এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকির মুখে পড়েছেন।
তারা বলেন, শিক্ষার্থীরা বিভিন্ন কারণে স্বল্পকালীন সময়ের জন্য বাংলাদেশে ফিরে আসেন, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু ফেরার সময় ভিসার আবেদন করলে তা কোনো ব্যাখ্যা ছাড়াই আটকে যাচ্ছে। বাংলাদেশের রাষ্ট্রদূত কিরগিজস্তান সফর করা সত্ত্বেও কোনো কার্যকর সমাধান আসেনি। শিক্ষার্থীরা তাদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।



