রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসায় এসি লাগানোর সময় ৬ তলা থেকে পড়ে শামীম হোসেন সাজু (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি নিউ কনফিডেন্স রেফ্রিজারেশন দোকনের মালিক এবং এসির মিস্ত্রি ছিলেন বলে জানা গেছে।
গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত সাজুর বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদেনী মন্ডল গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। পরিবারের সাথে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় বসবাস করতেন তিনি।
তাকে হাসপাতালে নিয়ে আসা দোকান কর্মচারী মো. মামুন জানান, পুরানা পল্টনে নিউ কনফিডেন্স রেফ্রিজারেশন নামে দোকনের মালিক শামীম হোসেন সাজু। সকালে দোকান মালিক সাজুসহ কয়েকজন যায় বাটা সিগন্যালে একটি বাসায় যান এসি লাগানোর জন্য। ছয় তলা বাসার বাইরের দিকে এসি লাগানোর সময় নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।



