বৈদেশিক নীতিতে জাতীয় অর্থনীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিনিয়োগ পরিবেশ তৈরি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শনিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে রোডম্যাপ ফর ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোম্যাসি: কনফারেন্সে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি– বন্ধুত্ব, সহযোগিতা এবং পারস্পরিক সমৃদ্ধির নীতির ওপর ভিত্তি করে পরিচালিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চায় সরকার। কূটনৈতিক মিশনগুলো বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা পালন করবে।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সবার আস্থা ও বিশ্বাস সম্পূর্ণ পুনঃপ্রতিষ্ঠা করা আমাদের অগ্রাধিকার। আমরা দেশের নাগরিক, স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায় এবং আন্তর্জাতিক অংশীদারদের আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশ একটি স্থিতিশীল, নির্ভরযোগ্য এবং ব্যবসাবান্ধব দেশ। আমাদের নীতিগত অবস্থান বন্ধুত্বের মৌলিক নীতির ভিত্তিতেই দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকবে।’
সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দক্ষ জনগোষ্ঠী গড়তে সুবিধাজনক বিনিয়োগ পরিবেশ তৈরিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। টেকসই প্রবৃদ্ধি, প্রতিযোগিতামূলক সক্ষমতা এবং অর্থনৈতিক স্থিতিস্থাপকতাকে কেন্দ্র করে নীতি, বিনিয়োগ ও আন্তর্জাতিক অংশীদারিত্বের সমন্বিত দৃষ্টিভঙ্গি গড়ে তোলাই সম্মেলনের মূল উদ্দেশ্যে।’



