চট্টগ্রামের রাউজান উপজেলায় গুলি করে যুবদলের এক নেতাকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার পাহাড়তলীতে এই ঘটনা ঘটে। নিহতের নাম মাসুদুল হক চৌধুরি। তিনি রাঙ্গুনিয়ার যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অস্ত্রধারীরা অটোরিকশায় করে এসে মাসুদুলকে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাসুদুল উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা। তিনি সক্রিয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার পর সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান এলাকাবাসী।
রাউজান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন জানান, অপরাধীরা মাসুদের মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
এখনো ঘটনাস্থলে আছে পুলিশ। কী কারণে এই হত্যাকাণ্ড, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।



