রাজধানী বিজয় সরণি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইয়াকুব আলী (৫০) ইলেকট্রনিক্স ব্যবসায়ী ছিলেন। পরিবারের সাথে মিরপুরের পল্লবী এলাকায় বসবাস করতেন তিনি।
নিহতের ছেলে মানিক জানান, প্রতিদিনের মতো কাজ শেষে তার বাবা পাঠাও মোটরসাইকেল দিয়ে বাসার দিকে যাচ্ছিলেন। বিজয় সরণি এলাকায় একটি বেসরকারি টিভি চ্যানেলের মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
তিনি জানান, প্রথমে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।



