জাল ভিসা ও পাসপোর্ট তৈরির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীর একান্ত সহকারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর ওয়ারি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ভূয়া পাসপোর্ট ও জাল টিকিট জব্দ করা হয়।
আজ বুধবার দুপুরে মিন্টুরোডে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান ডিএমপির ডিবি শাখার প্রধান শফিকুল ইসলাম।
তিনি জানান, শিশির মোল্লা সাবেক ভূমিমন্ত্রীর ফেসবুক পেজ চালাতেন। সেই পরিচয় ব্যবহার করে নেতা-মন্ত্রীদের বরাত দিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করতেন।
মহানগর ডিবি প্রধান জানান, বিদেশ পাঠানোর কথা বলে অন্তত ১৪ জনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব ঘটনায় তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধীক মামলা রয়েছে। এসব কাজে আরও ৪-৫ জন তাকে সহযোগিতা করত, তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
এক প্রশ্নের জবাবে পুলিশের এই অতিরিক্ত কমিশনার জানান, সম্প্রতি সময়ে অভিযান চালিয়ে মহানগরের তালিকাভুক্ত ১৩৯ জন চাদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।



