রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শেখ জাহিদ ( ২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সোয়া ২টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাহিদ রামপুরার ৪৪৭ নম্বর বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার বাবার নাম জামিল হোসেন। জানা গেছে, তিনি পেশায় বেকার যুবক ছিলেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রবীন বলেন, আজ দুপুরের দিকে হাতিরঝিল পুলিশ প্লাজার পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আহত হন ওই যুবক।পরে দ্রুততাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।



