স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সরকার সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নিতে চায়। আজ শুক্রবার রাজধানীর কাকরাইলের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
বিএনপির এই মহাসচিব বলেন, ‘একটি মহল ধর্মের নামে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। ধর্মকে কেন্দ্র করে দেশে কোনো ধরনের বিভাজন সৃষ্টি হওয়া উচিত নয়।’
মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই মিলে দেশ স্বাধীন করেছে বলে উল্লেখ করেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি বলেন, ‘বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল, তাদের ভূমিকার কারণে দেশের গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছিল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে’
মির্জা ফখরুল আরও বলেন, যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চান তারা বাংলাদেশকে বিশ্বাস করে না। ধর্মের ভিত্তিতে যারা বিভাজন করতে চান তাদের রুখে দিতে হবে। উগ্রবাদ আর মৌলবাদকে প্রশ্রয় না দিয়ে উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সকলকে আহ্বান ও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



