রাজধানীর মহাখালীতে আজ মঙ্গলবার দুপুরে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণও হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে বনানী থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটের দিকে বনানী থানাধীন মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে ৩০/৪০ জন দুষ্কৃতিকারী মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এসময় বনানী থানা পুলিশ স্থানীয় জনগণের সহায়তায় ৪ দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃতদের একজন উপস্থিত জনতা গণপিটুনি দিয়ে মহাখালী টার্মিনাল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে। বনানী থানা পুলিশ দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের চেষ্টাকালে তারা নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। পরে বিস্ফোরিত ককটেল জব্দসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন– মিরপুর সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রলীগকর্মী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার শাহবাজপুরের বড় মৌলভীবাড়ীর মো. আলম মিয়ার ছেলে আসলাম মিয়া (২৫), মিরপুর সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রলীগকর্মী কুড়িগ্রাম জেলার বুরুঙ্গামারী থানার বাগ ভান্ডার এলাকার মো. আমির হামজার ছেলে মো. আশিকুল ইসলাম (২৪), ডিএমপির দারুস সালাম থানাধীন মাজার রোডের ২৫৩/২য় কলোনীর মো. মাহবুবুর রহমান টুকুর ছেলে মো. মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও ডিএমপির শাহ আলী থানাধীন মিরপুর চিড়িয়াখানা স্টাফ কোয়ার্টারের মৃত. আব্দুল মতিনের ছেলে মো. মনির হোসেন (৪৮)।
এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়াসহ বনানী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



