দুর্নীতি দমন কমিশন–দুদকের নতুন চেয়ারম্যান সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও দুই কমিশনার জাহাঙ্গীর আলম খান এবং সাজ্জাদ হোসেন ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন। বুধবার সকালে প্রথমবারের মতো দুদকের প্রধান কার্যালয়ে যান তারা।
আজ সকাল ৯টার দিকে দুদকে যাওয়ার পর সকাল ১০টায় সারাদেশের দুদক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন নতুন কমিশনের সদস্যরা।
বৈঠক শেষে বিকেলে সংবাদ সম্মেলনে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন দুদকের নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার।
গত সোমবার রাতে নতুন দুদক কর্মকর্তাদের নিয়োগ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ৩ মার্চ আবদুল মোমেনের নেতৃত্বে তিন সদস্যের কমিশন পদত্যাগ করার পর থেকে এতোদিন নেতৃত্বশূন্য ছিল দুর্নীতিবিরোধী এই রাষ্ট্রীয় সংস্থাটি।



