রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে রাব্বী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরের দিকে ছনটেকে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
নিহত রাব্বীর বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার নোয়াগাঁও গ্রামে। তাঁর বাবার নাম হারুন অর রশীদ। তিনি বর্তমানে যাত্রাবাড়ীর গোবিন্দপুর এলাকায় থাকতেন।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) অতনু দে বলেন, ‘রাব্বী মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে তারা জানতে পেরেছেন। আজ ভোরের দিকে ছনটেক স্বপ্ন সুপার শপের সামনে সড়কে দুই যুবকের সঙ্গে রাব্বীর মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্ব হয়। একপর্যায়ে ওই দুই যুবক রাব্বীর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ঘটনাস্থলেই রাব্বী নিহত হন।’
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাব্বীর মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
এসআই অতনু দে আরও বলেন, ‘নিহত রাব্বীর নামে কদমতলী থানায় দুটি মাদক মামলা রয়েছে। ঘাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’



