সাংবাদিকতায় নওগাঁয় বিশেষ অবদানের জন্য ইনডিপেনডেন্ট টেলিভিশনের নওগাঁ নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রেসক্লাবের সভাপতি সাদেকুল ইসলামকে ‘জহির রায়হান সম্মাননা-২০২৬’ ও দেশের প্রথম শহীদ মিনারের স্থপতি ও ভাষা সংগ্রামী ডা. মঞ্জুর হোসেন স্মৃতি পদক প্রদান করা হয়েছে।
সাংবাদিক সাদেকুল ইসলামকে উত্তোরীয় পড়িয়ে দেন নারী ব্যবসায়ীক উদ্দ্যোক্তা ফারিনা হায়দার। সম্মাননা ক্রেস্ট তুলে দেন ভাষা সংগ্রামী ডা. আমজাদ হোসেন তরফদারের ছেলে নওগাঁর সিনিয়র সাংবাদিক ফরিদুল করিম তরফদার ও জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁর উপদেষ্টা ও সমাজসেবী মৌদুদুর রহমান কল্লোল।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোকচিত্রী ও চলচ্চিত্র গবেষক, লেখক মীর শামসুল আলম বাবু, কিংবদন্তি শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের ছেলে তপু রায়হান, দেশ বরেণ্য চলচ্চিত্র সাংবাদিক, লেখক, নজরুল গবেষক অনুপম হায়াৎ ও জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁর সদস্য সচিব রহমান রায়হান।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় সাংবাদিক সাদেকুল ইসলাম বলেন, ‘যে কোনো সম্মাননা পদক পাওয়া আনন্দের ও গর্বের। কর্মক্ষেত্রে এই সম্মাননা পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রাখতে ও দেশ সেবায় আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে।’
নওগাঁর স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন জহির রায়হান চলচ্চিত্র সংসদের ১১তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে গেল শুক্র ও শনিবার ২৪টি সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে শহরের মুক্তির মোড়ে অনুষ্ঠিত দুদিনব্যাপী সাংস্কৃতিক উৎসবে তাকে এই সম্মাননা আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে।
জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁর সদস্য সচিব রহমান রায়হান জানান, উৎসবে নাচ, গান, আবৃত্তি, নাটকসহ বিভিন্ন পরিশেনার পাশাপাশি জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁর উদ্যোগে সাংবাদিকতা ছাড়াও সমাজসেবা, সংস্কৃতি, চিকিৎসা, সংগঠক, ক্রীড়া, সাহিত্য, আন্দোলন-সংগ্রাম , কালোত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, পাঠাগার বন্ধু ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ‘জহির রায়হান সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়েছে।
চিকিৎসায় ভাষা সংগ্রামী ডা. আমজাদ হোসেন স্মৃতি পদক পেয়েছেন ডা. মুনীর আলী আকন্দ, সংস্কৃতিতে ভাষা সংগ্রামী মোমিনুল হক ভুটি স্মৃতি পদক পেয়েছেন শিল্পী রতন সাহা রঘু, ক্রীড়ায় ভাষা সংগ্রামী এম সলিমুল্লাহ খান স্মৃতি পদক পেয়েছেন ক্রীড়াবিদ মো. মোসাদ্দেক হোসেন, শিক্ষায় ভাষা সংগ্রামী নুরুল ইসলাম স্মৃতি পদক পেয়েছেন অধ্যক্ষ (অব.) মোফাখখার হোসেন খান পথিক, সংগঠক ক্ষেত্রে ভাষা সংগ্রামী এম এ রকিব স্মৃতি পদক পেয়েছেন নাট্যজন মো. খাদেমুল ইসলাম, সাহিত্যে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক খন্দকার মকবুল হোসেন স্মৃতি পদক পেয়েছেন কথা সাহিত্যিক রবিউল করিম, আন্দোলন সংগ্রামের জন্য বীর মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল স্মৃতি পদক পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা এ এফ এম নুরুজ্জামান নান্টু ও সমাজসেবায় বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরি আরব স্মৃতি পদক পেয়েছেন সমাজসেবক মনোয়ার হোসেন লিটন।
এছাড়া কালোত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা পেয়েছে নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় এবং পাঠাগার বন্ধু সম্মান না পেয়েছেন আব্দুস সাত্তার খান।


