গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রাক চাপায় অটোরিকশা আরোহী তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধীরাশ্রম এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও অপর তিনজন আহত হন। স্থানীয়রা হতাহতের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।’
ওসি আরও বলেন, ‘ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে রয়েছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



