গত রোববার দিনভর সহিংসতা, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের পরিস্থিতি। জননিরাপত্তা নিশ্চিত করতে জেলায় নতুন করে আরও চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। পাশাপাশি পুলিশ, এপিবিএন, আরআরএফসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা ও টহল কার্যক্রম জোরদার করেছেন।
আজ সোমবার সকাল থেকে জেলার জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। ভোর থেকেই প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে শুরু করেন সাধারণ মানুষ। শহরের সড়কগুলোতে রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় শিক্ষার্থীরাও নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। খুলেছে শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। তবে পরিস্থিতির উন্নতি হলেও সাধারণ মানুষের মধ্যে এখনো গতকালের ঘটনার আতঙ্ক রয়েছে।
শহরের লঞ্চঘাট, চৌরঙ্গী, পুলিশ লাইন মোড়, ঘোনাপাড়া মোড়, বেদগ্রাম মোড়, ডিসি অফিস ও আদালত এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি ও পুলিশ সদস্যদের অবস্থান ও টহল দিতে দেখা গেছে। বিজিবির জনসংযোগ দপ্তর জানিয়েছে, বডি ওর্ন ক্যামেরাসহ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
কাজের উদ্দেশ্যে বাইরে বের হওয়া রিকশাচালক সালাম মিয়া বলেন, ‘ভয়ে ভয়ে থাকলেও কাজ করে খেতে হবে। তাই বাইরে বের হতেই হবে। আমার মতো অন্যরাও বাইরে বের হয়েছেন। সবার তো পরিবার আছে।’
এদিকে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় পুলিশ বুথের সামনে এক প্রেস ব্রিফিংয়ে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, ‘গতকালের তুলনায় আজ পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। সকাল থেকে পুলিশ, এপিবিএন, আরআরএফ ও বিজিবি সদস্যরা সম্মিলিতভাবে জনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি সম্পত্তি ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। পুলিশের পক্ষ থেকে প্রায় দুই হাজার সদস্য ও কর্মকর্তা মোতায়েন রয়েছেন। জ্যেষ্ঠ কর্মকর্তারাও মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।’
ডিআইজি আরও বলেন, ‘গোপালগঞ্জের ৬৭ কিলোমিটার মহাসড়কে ক্রস পেট্রোলিংসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোপালগঞ্জ পৌরসভা ও জেলার চারটি উপজেলাতেও নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে।’
গতকালের সহিংসতার ঘটনায় মামলা করার কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘গতকাল থেকেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। তবে কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে না। বর্তমানে পুলিশের প্রধান লক্ষ্য জনজীবন স্বাভাবিক করা ও জননিরাপত্তা নিশ্চিত করা।’
আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি প্রসঙ্গে ডিআইজি বলেন, ‘যেকোনো কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। পর্যাপ্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হবে। আইনবহির্ভূত যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখবে।’
উল্লেখ্য, গত রোববার সকাল থেকে রাত পর্যন্ত গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে। উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান, কোটালীপাড়া থানার ওসি মো. রিয়াদ মাহমুদ ও টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলীকে বদলি করা হয়েছে।
এক দিনের ব্যবধানে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হলেও জনমনে পুরোপুরি স্বস্তি ফেরেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নজরদারি ও নিরাপত্তাব্যবস্থার মধ্যে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে গোপালগঞ্জের জনজীবন।


